হুমায়ূন আহমেদ ও আমাদের সেই শৈশব, যেখানে আর ফেরা হবে না

সর্বাধিক আলোচিত

হয়তো বাইরে বৃষ্টি পড়ছে। হঠাৎ ইউটিউবে চোখের সামনে ভেসে উঠল বিটিভির পুরোনো কোনো নাটকের দৃশ্য। কিংবা বইয়ের তাকে চুপচাপ পড়ে থাকা পরিচিত একটা বইয়ের দিকে চোখ গেল। কখনো পুরোনো কোনো সংলাপ, জোছনার রাত কিংবা একুশে বইমেলার দৃশ্যই যথেষ্ট। সবকিছু মনে পড়ে যায়।

কয়েক মুহূর্তের জন্য আমি আর এখনকার মানুষটা থাকি না। আবার ছোট হয়ে যাই।

হুমায়ূন আহমেদ ঠিক কবে আমার জীবনে এসেছিলেন, মনে নেই। মনে হয়, তিনি সব সময়ই ছিলেন। যে বাড়িতে আমি বড় হয়েছি, তার ঘরে ঘরে ছিল তাঁর গল্প। ছিল আমার পড়তে শেখা বইগুলোয়, পরিবারের সবাই মিলে দেখা সাপ্তাহিক নাটকে, নতুন বই বের হওয়ার অপেক্ষায়। সাহিত্য কী, তা বোঝার অনেক আগেই বুঝেছিলাম, তাঁর জগৎটা কেমন যেন চেনা চেনা লাগে। সেখানে কল্পনা আছে, অথচ সবকিছু বিশ্বাস করা যায়। হাসি আছে, মন খারাপও আছে। কত সাধারণ সব ব্যাপার, অথচ তার মধ্যেই কত বিস্ময়!

হুমায়ূন আহমেদ: একটি প্রজন্মের নির্মাতা

হুমায়ূন আহমেদের বইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় দশ বছর বয়সে। আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। বইটির নাম হোটেল গ্রেভার ইন। ছোট খালার বাসায় বইটা প্রথম দেখি।

ওই বয়সে বইটা কেন আমাকে এত টেনেছিল, তা বুঝিয়ে বলতে পারতাম না। হয়তো নামটার জন্য, হয়তো নামের মধ্যে একটা রহস্য ছিল বলে। কিংবা বড়দের জগতের কিছু একটা আবিষ্কার করে ফেলেছি, এমন একটা অনুভূতি থেকে। যে কারণেই হোক, বইটা কিনেছিলাম। এখন ফিরে তাকালে মনে হয়, সেদিন শুধু একটা বই কেনা হয়নি। একজন লেখকের সঙ্গে সারা জীবনের সম্পর্কের শুরু হয়েছিল। পরবর্তী জীবনে মানুষকে, নিঃসঙ্গতাকে, হাসি-ঠাট্টাকে, রহস্যকে, এমনকি জীবনটাকেও যেভাবে বুঝতে শিখেছি, তার অনেকটাই এসেছে তাঁর লেখা থেকে।

হুমায়ূন আহমেদ স্মৃতির ভিতর জীবন্ত

এর কিছুদিন পর পাশের বাড়ির এক চাচা আমাকে হুমায়ূন আহমেদের আরও তিনটি বই উপহার দিলেন। আমার ছেলেবেলা, এই সব দিনরাত্রি আর মে ফ্লাওয়ার। বইগুলো হাতে পাওয়ার আনন্দটা আজও মনে আছে। তখন তো এত বই হাতের নাগালে ছিল না। ডিজিটাল লাইব্রেরি ছিল না, ইন্টারনেটে বই পড়ার ব্যবস্থা ছিল না, চাইলেই সঙ্গে সঙ্গে বই বাড়িতে পৌঁছে যেত না। একটা বই হাতে পাওয়াই ছিল বেশ বড় একটা ব্যাপার। আর উপহারের বইয়ের কথা আলাদা। যিনি বইটা দিয়েছেন, তাঁর স্নেহ তো থাকতই, সেই সঙ্গে থাকত বইয়ের ভেতর অপেক্ষা করে থাকা অচেনা এক জগতের হাতছানি।

ওই তিনটি বই আমার কাছে নিছক উপহার ছিল না। ওগুলো ছিল তিনটি দরজা।

সেই দরজা দিয়ে ঢুকে হুমায়ূন আহমেদের একটা বই থেকে আরেকটা বইয়ে চলে গেলাম। তাঁর লেখা পড়ে কখনো মনে হয়নি, সাহিত্য বুঝি খুব দূরের, কঠিন কোনো ব্যাপার। কী সহজ ভাষায় লিখতেন তিনি! অথচ সেই সহজ কথাগুলোর ভেতরে কত গভীর অনুভূতি থাকত। তাঁর লেখা পড়তে পড়তে হেসে উঠতাম, আবার হঠাৎই চুপ হয়ে যেতাম। নিতান্ত সাধারণ খাওয়াদাওয়ার দৃশ্য, পরিবারের ঝগড়াঝাঁটি, অদ্ভুত স্বভাবের কোনো আত্মীয়, বৃষ্টিভেজা একটা সন্ধ্যা কিংবা চুপচাপ বসে থাকা কোনো নিঃসঙ্গ মানুষ—কত সহজেই এসব তিনি এমনভাবে লিখতেন যে আর ভোলা যেত না।

হুমায়ূন আহমেদ ও আমাদের সেই শৈশব, যেখানে আর ফেরা হবে না

হুমায়ূন আহমেদকে ঘিরে আমার ছোটবেলার স্মৃতি শুধু বইয়ের মধ্যে আটকে নেই। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাড়ির সাদাকালো টেলিভিশনটা।

তখন আমাদের কেবল সংযোগ ছিল না। টেলিভিশনে দেখার মতো চ্যানেল বলতে ছিল শুধু বিটিভি। সাপ্তাহিক নাটক তখন শত শত অনুষ্ঠানের মধ্যে আরেকটা অনুষ্ঠান ছিল না। আমরা নাটকের জন্য অপেক্ষা করে থাকতাম। নাটকের দিন সন্ধ্যাটা যেন উৎসবের মতো একটা ব্যাপার ছিল।

বাবা-মায়ের সঙ্গে বসে হুমায়ূন আহমেদের নাটক দেখতাম। কখনো চাচা-চাচিরাও এসে বসতেন। কোনো কোনো সন্ধ্যায় নাটক দেখতাম পাড়ার লোকজনের সঙ্গে। সেই সাদাকালো টেলিভিশনের সামনে সবাই মিলে বসে একই গল্প দেখতাম। একই জায়গায় হেসে উঠতাম, একই দৃশ্যে সবাই চুপ হয়ে যেতাম।

কারও হাতে তখন আলাদা কোনো পর্দা ছিল না। কেউ নাটক থামিয়ে রাখত না। নিজের সুবিধামতো পরে দেখে নেওয়ারও উপায় ছিল না। নাটক যখন দেখানো হতো, তখনই সবাইকে টেলিভিশনের সামনে থাকতে হতো। এই অসুবিধাটুকুই আমাদের খুব মূল্যবান একটা জিনিস দিয়েছিল—একসঙ্গে থাকার আনন্দ।

আমরা কত আনন্দ নিয়ে দেখেছি কোথাও কেউ নেই, আজ রবিবার, নক্ষত্রের রাত, অয়োময়, উড়ে যায় বকপক্ষী, কালা কইতর আর তাঁর অসংখ্য এক পর্বের নাটক ও ঈদের বিশেষ নাটক। নাটকের চরিত্রগুলোকে কখনো টেলিভিশনের পর্দার দূরের মানুষ বলে মনে হতো না। আমাদের কথাবার্তায় ওরা ঢুকে পড়েছিল। ওদের নিয়ে গল্প করতাম, হাসাহাসি করতাম, চিন্তাও করতাম। যেন ওরা আমাদের চেনাজানা মানুষ।

বাকের ভাই শুধু কোথাও কেউ নেই নাটকের একটা চরিত্র ছিলেন না। একটা পুরো প্রজন্মের আবেগ জড়িয়ে গিয়েছিল তাঁর সঙ্গে। বাকের ভাইয়ের গল্প থেকেই বোঝা যায়, হুমায়ূন আহমেদের কী আশ্চর্য ক্ষমতা ছিল। তাঁর কল্পনার মানুষগুলো আমাদের ঘরে ঢুকে পড়ত। তারপর একদিন তারা হয়ে উঠত সবার স্মৃতির অংশ।

এখন সেই সন্ধ্যাগুলোর কথা ভাবলে শুধু নাটকের গল্প মনে পড়ে না। ঘরটার কথা মনে পড়ে। টেলিভিশনটার কথা মনে পড়ে। আমার চারপাশে বসে থাকা মানুষগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে নাটকের জন্য অপেক্ষা করার সেই অনুভূতিটাও।

সেই সব মুহূর্তের অনেকগুলোই আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না।

আজ আমাদের কত চ্যানেল, কত স্ট্রিমিং প্ল্যাটফর্ম, স্মার্টফোন। দেখার জিনিসের কোনো শেষ নেই। যখন যা ইচ্ছা, প্রায় সবই দেখতে পারি। অথচ আগের মতো একসঙ্গে বসে দেখা হয় কই? একজন ফোনে নাটক দেখছে, আরেকজন সামাজিক যোগাযোগমাধ্যমে কী যেন দেখছে, অন্য কেউ বসে আছে অন্য ঘরে। আমাদের অনেক সুবিধা হয়েছে। সেই সঙ্গে কখন যেন হারিয়ে গেছে ওই সন্ধ্যাগুলোয় সবাই মিলে কাছাকাছি থাকার উষ্ণতাটুকু।

এ কারণেই হুমায়ূন আহমেদের কথা মনে হলে আমার বাবা-মা, আত্মীয়স্বজন, পাড়ার মানুষ আর ছোটবেলার সেই বাড়িটার কথাও মনে পড়ে। যে বাড়িতে বসে তাঁর গল্পগুলোকে আপন করে নিয়েছিলাম। তাঁর নাটক শুধু আমাদের আনন্দ দিত না। আমাদের সবাইকে এক জায়গায় এনে বসাত।

হুমায়ূন আহমেদের সৃষ্টি: আমার প্রিয় চরিত্রেরা

তাঁর সব চরিত্রের মধ্যে মিসির আলি সব সময়ই আমার সবচেয়ে আপন।

হয়তো তাঁর বুদ্ধিমত্তাই আমাকে টেনেছিল। মিসির আলি যুক্তি দিয়ে রহস্য বুঝতে চেষ্টা করেন। খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু লক্ষ করেন। অলৌকিক কোনো ব্যাখ্যা তিনি সহজে মেনে নেন না। ছোটখাটো বিষয়ও তাঁর নজর এড়ায় না। প্রশ্ন করেন, যুক্তিসংগত উত্তর খোঁজেন। টাকা-পয়সার জন্য রহস্যের সমাধান করেন না। নিজের চিন্তাভাবনার ব্যাপারে তাঁর একটা সহজ সততা আছে।

তাঁর যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো তাঁর ব্যক্তিগত ডায়েরি। নাম UNSOLVED। যেসব রহস্যের ব্যাখ্যা তিনি খুঁজে পান না, সেগুলো এই ডায়েরিতে লিখে রাখেন। এই ছোট্ট ব্যাপারটা থেকেই মিসির আলি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা কথা জানা যায়। তিনি অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু এতটা অহংকারী নন যে ভাব করবেন সব প্রশ্নের উত্তর তাঁর জানা। কিছু কিছু ব্যাপার যে তাঁর বোঝার বাইরেও থাকতে পারে, তা তিনি মেনে নেন।

তাঁর এই গুণটা আমার মনে রয়ে গেছে।

জীবনেও যেন আমাদের সবার একটা UNSOLVED ডায়েরি আছে। আমরা মানুষকে বুঝতে চেষ্টা করি, সম্পর্ককে বুঝতে চাই। প্রিয় কিছু হারিয়ে যাওয়ার মানে খুঁজি, নিয়তির হিসাব মেলাতে চাই। যুক্তি দিয়ে ভাবি, অভিজ্ঞতা দিয়ে বিচার করি। তারপরও কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না। মিসির আলির কাছ থেকে শিখেছি, কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে সেটা মেনে নেওয়া মানেই হেরে যাওয়া নয়। কখনো কখনো সেটাই সততা।

হুমায়ূন আহমেদ আরও কত চরিত্র সৃষ্টি করেছেন, যাদের ভোলা যায় না! সমাজের বাঁধাধরা নিয়মের বাইরে হেঁটে বেড়াত হিমু। সে স্বাধীন, কখন কী করে বসবে বোঝা যায় না। বৈষয়িক ব্যাপারে তার এমন নির্লিপ্ততা, যার মধ্যে কেমন একটা রহস্য আছে। শুভ্রর মধ্যে ছিল সারল্য আর ভালো-মন্দের ব্যাপারে স্বচ্ছ একটা বোধ। বাকের ভাই দেখিয়েছেন, বাইরে থেকে রুক্ষ মনে হয় এমন একজন মানুষকেও কত গভীরভাবে ভালোবাসা যায়। প্রতিটি চরিত্র যেন মানুষের স্বভাবকে নতুন করে দেখার একেকটা জানালা খুলে দিয়েছে।

এই সব চরিত্রকে একসঙ্গে করলেও হুমায়ূন আহমেদকে পুরোটা পাওয়া যায় না। তিনি নিজে তার চেয়েও বড়।

হুমায়ূন আহমেদ নেই: হাজারো গল্পের ভিড়ে এক নীরবতা

আমার কাছে তিনি ছিলেন আশার নাম। তিনি স্বপ্ন দেখতেন। জীবনকে নতুন করে গড়ে নেওয়ার, যা সম্ভব বলে মনে হয় তার বাইরেও কিছু ভাবার সাহস জুগিয়েছেন তিনি। আমাদের শিখিয়েছেন, চোখের সামনে যা দেখা যায় বা সহজেই যার ব্যাখ্যা দেওয়া যায়, পৃথিবী সেখানেই শেষ হয়ে যায় না। তার আড়ালেও কিছু থাকে। হাসির আড়ালে লুকিয়ে থাকা দুঃখ, অদ্ভুত স্বভাবের মানুষের ভেতরে মায়া, সাধারণ একটা বিকেলের সৌন্দর্য, চেনা জিনিসের মধ্যেও বিস্ময়।

তাঁকে না পড়লে আমাদের অনেকেই হয়তো জীবনের কত রকম অসংগতির মধ্যে পথ হারিয়ে ফেলতাম। এত সহজ-সাধারণ জিনিসের মধ্যেও যে সৌন্দর্য আছে, তা হয়তো চিনতেই শিখতাম না। তিনি আমাদের অন্যভাবে বৃষ্টি দেখতে শিখিয়েছেন। জোছনাকে কী ভীষণ আপন করে দিয়েছেন! দেখিয়েছেন, কোনো কথা না বলেও অনেক কথা বলা যায়। আপাতদৃষ্টিতে তুচ্ছ একজন মানুষের ভেতরেও লুকিয়ে থাকতে পারে গোটা একটা পৃথিবী।

জীবনকে তিনি কোনো সুন্দর করে মেলানো অঙ্কের মতো আমাদের সামনে তুলে ধরেননি। বরং দেখিয়েছেন জীবনের অমিলগুলো।

একজন মানুষ একই সঙ্গে দয়ালু আর নিষ্ঠুর হতে পারে। যুক্তিবাদী মানুষও আবেগপ্রবণ হতে পারে। আনন্দে থাকা একজন মানুষের ভেতরেও নিঃসঙ্গতা থাকতে পারে। যুক্তিকে বাতিল না করেও গল্পে অলৌকিক কিছু ঘটতে পারে। মৃত্যুর পাশাপাশিও থাকতে পারে হাসি-ঠাট্টা। একটা পরিবারের ভেতর কত দুঃখ, কত অভিমান থাকতে পারে, অথচ ভালোবাসাটাও থেকে যায়। তাঁর গল্পের জগৎটা জীবনের মতোই ছিল। কারণ জীবনের অসংগতিগুলোকে তিনি জোর করে মেলাতে চাননি।

আর ছিল বইমেলা।

আমাদের প্রজন্মের পাঠকদের কাছে একুশে বইমেলা শুধু বছরে একবার হওয়া একটা আয়োজন ছিল না। বইমেলার সঙ্গে জড়িয়ে ছিল অনেকখানি অপেক্ষা। মেলার সবচেয়ে আনন্দের ব্যাপারগুলোর একটা ছিল হুমায়ূন আহমেদের নতুন বই। তাঁর নতুন একটা বই খুঁজে পাওয়া, প্রথমবার বইটা হাতে নেওয়া, কখন বাড়ি ফিরে পড়তে বসব সেই ছটফটানি—যারা ওই সময়টা পায়নি, তাদের এসব অনুভূতি বোঝানো খুব কঠিন।

প্রতিবছরই একটা কৌতূহল থাকত। এবার তিনি কী লিখেছেন? কোন চরিত্র আবার ফিরে আসবে? নতুন মলাটের আড়ালে অপেক্ষা করছে কী অদ্ভুত, মজার কিংবা মন খারাপ করে দেওয়া কোনো জগৎ?

এখনো বইমেলা হয়। পাঠকেরা আসেন, প্রকাশকেরা নতুন বই বের করেন। মেলায় আগের মতোই ভিড় হয়। হুমায়ূন আহমেদ নেই বলে মেলাটা আমার কাছে আর আগের মতো লাগে না।

কী যেন নেই।

হয়তো আবারও তিনি আমাদের চমকে দেবেন, সেই আশাটুকু আর নেই। হয়তো জানি, তাঁর কল্পনার হাত ধরে একেবারে নতুন কোনো জগতে আর যাওয়া হবে না। তাঁর পুরোনো বইগুলোর কাছে ফিরে যেতে পারি। আমি প্রায়ই যাই। নতুন একটা বইয়ের জন্য আর অপেক্ষা করতে পারি না।

বইমেলায় গেলে এই না-থাকাটা বিশেষভাবে টের পাই। হাজার হাজার বই আর অগণিত মানুষের ভিড়ে একজন লেখকের রেখে যাওয়া নীরবতা অনুভব করি।

হুমায়ূন আহমেদ কেন এত বিশেষ

হুমায়ূন আহমেদকে মনে পড়ে

হুমায়ূন আহমেদ আমাদের ছেড়ে চলে গেছেন চৌদ্দ বছর হলো। সময়ের সঙ্গে বদলে গেছে দেশ, বদলে গেছে আমাদের বাড়িঘর। বদলে গেছে গল্প পড়ার, নাটক দেখার ধরন। আজকের শিশুরা এমন সব প্রযুক্তির সঙ্গে বড় হচ্ছে, সাদাকালো টেলিভিশনের সামনে বসে যার কথা আমরা কল্পনাও করতে পারতাম না।

কিছু স্মৃতি অবশ্য বদলায় না।

এখনো চোখের সামনে ভেসে ওঠে দশ বছরের সেই ছেলেটা, যে ছোট খালার বাসায় হোটেল গ্রেভার ইন খুঁজে পেয়েছিল। পাশের বাড়ির চাচার কাছ থেকে আমার ছেলেবেলা, এই সব দিনরাত্রি আর মে ফ্লাওয়ার পেয়ে যে আনন্দ হয়েছিল, তা এখনো অনুভব করতে পারি। এখনো কল্পনায় দেখতে পাই, বাবা-মা, চাচা-চাচি, পাড়ার লোকজন সবাই মিলে বসে আছি। বিটিভিতে নাটক শুরু হচ্ছে। বইমেলায় হুমায়ূন আহমেদের নতুন বই খুঁজে পাওয়ার সেই ব্যাকুলতাটাও এখনো টের পাই।

এই স্মৃতিগুলো হুমায়ূন আহমেদকে ঘিরে। আবার এগুলো আমার ছোটবেলার মানুষগুলোরও স্মৃতি, ছোটবেলার চেনা জায়গাগুলোর স্মৃতি।

হয়তো এ কারণেই তাঁর না-থাকাটা আমার কাছে এত ব্যক্তিগত একটা ব্যাপার। প্রিয় কোনো লেখক মারা গেলে আমরা শুধু তাঁর সম্ভাব্য লেখাগুলোকেই হারাই না। এমন একটা ভবিষ্যৎও হারাই, যেটা একসময় আমাদের কাছে কত নিশ্চিত ছিল! তাঁর পরের উপন্যাসটা, পরের ঈদের নাটকটা, নতুন কোনো চরিত্র যাকে আর ভোলা যাবে না, কিংবা তাঁর লেখার খুব সাধারণ একটা বাক্য পড়তে পড়তে হঠাৎ নিজের জীবন সম্পর্কে কিছু একটা বুঝে ফেলার সেই মুহূর্তটা।

শেষ কথা

তারপরও আমার মনে হয় না, হুমায়ূন আহমেদ আমাদের ছেড়ে পুরোপুরি চলে গেছেন।

বৃষ্টি হলেই তিনি ফিরে আসেন। ফিরে আসেন জোছনা রাতের নিস্তব্ধতায়, টেলিভিশনের পুরোনো কোনো দৃশ্যে, চেনা কোনো সংলাপে। বহু বছর পর বইয়ের তাক থেকে নামিয়ে নেওয়া কোনো বইয়ের পাতায়। মিসির আলির প্রশ্নে, হিমুর উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানোয়, শুভ্রর সারল্যে আর আমাদের মনে বাকের ভাইয়ের আজও রয়ে যাওয়া জায়গাটুকুতে তিনি ফিরে আসেন।

সবচেয়ে বড় কথা, ছোটবেলার সেই আমার কথা মনে হলেই তিনি ফিরে আসেন।

হুমায়ূন আহমেদকে মনে করা তাই শুধু একজন লেখককে মনে করা নয়। চেনা মানুষদের কথাবার্তায় ভরা একটা বাড়িতে কিছুক্ষণের জন্য ফিরে যাওয়া। সাদাকালো টেলিভিশনটার সামনে পরিবারের সবাইকে নিয়ে বসা। সদ্য কেনা একটা বই আনন্দে হাতে ধরে থাকা। প্রতিবছরের সেই বইমেলায় ফিরে যাওয়া, যে মেলা একসময় তাঁর নতুন বই ছাড়া অসম্পূর্ণ মনে হতো।

এ যেন সেই শৈশবে ফিরে যাওয়া, যে শৈশব আর পুরোপুরি ফিরে পাওয়া যাবে না।

হুমায়ূন আহমেদের আশ্চর্য ক্ষমতা বোধ হয় এখানেই। এত বছর পরও তিনি আমাদের মনের ভেতর একটা দরজা খুলে দিতে পারেন। অমূল্য কয়েকটা মুহূর্তের জন্য সেই দরজা দিয়ে আমরা ঢুকে পড়তে পারি এমন একটা জগতে, যেটা ভেবেছিলাম সময় আমাদের কাছ থেকে নিয়ে গেছে।

 

সর্বশেষ